পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছুটির দিনগুলোতে মেট্রোরেলের চলাচলের নতুন সময়সূচি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২১ মে) ডিএমটিসিএলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন সূচি অনুযায়ী, ছুটির দিনগুলোতে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে। আর মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে।
শেষ ট্রেন উত্তরা উত্তর থেকে ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।
ডিএমটিসিএল জানিয়েছে, যাত্রীচাপ বিবেচনায় ট্রেন চলাচলের বিরতি ১২ থেকে ২০ মিনিটের মধ্যে রাখা হবে। প্রতিদিন প্রায় ১৪০টি ট্রিপ পরিচালনার পরিকল্পনা রয়েছে। এজন্য ৭টি ট্রেন সেট ব্যবহার করা হবে। তবে যাত্রীর সংখ্যা অনুযায়ী ট্রিপ বাড়ানো বা কমানো হতে পারে।
ট্রেন চলাচলের সময়সূচি
উত্তরা উত্তর থেকে মতিঝিল:
সকাল ৬:৩০–৭:১০ : ২০ মিনিট পরপর
সকাল ৭:১১–১০:২৫ : ১৫ মিনিট পরপর
সকাল ১০:২৬–রাত ৯:০০ : ১২ মিনিট পরপর
রাত ৯:০১–৯:৩০ : ১৫ মিনিট পরপর
মতিঝিল থেকে উত্তরা উত্তর:
সকাল ৭:১৫–১১:০৩ : ১৫ মিনিট পরপর
সকাল ১১:০৪–রাত ৯:৪০ : ১২ মিনিট পরপর
রাত ৯:৪১–১০:১০ : ১৫ মিনিট পরপর
টিকিট বিক্রির সময়
সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট কেনা যাবে। একই সময়ে এমআরটি পাস ও র্যাপিড পাসে টাকা রিচার্জ করা যাবে।
এছাড়া শুক্রবার উত্তরা উত্তর স্টেশন থেকে বিকেল ২টা ৪৫ মিনিট এবং মতিঝিল স্টেশন থেকে বিকেল ৩টা ৫ মিনিট থেকে টিকিট বিক্রি ও টপ-আপ কার্যক্রম শুরু হবে।
ডিএমটিসিএল জানিয়েছে, রাত ৯টা ২০ মিনিটের পর সব টিকিট কাউন্টার ও টিকিট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যাবে।
একুশে সংবাদ/ যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

