পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ও আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, যানজট কমানো এবং নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি করপোরেশন এলাকা এবং গাজীপুর চৌরাস্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
বিজিবি জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী মহাসড়ক, টোল প্লাজা ও যানজটপ্রবণ এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কার্যক্রমেও সহায়তা করবেন বাহিনীর সদস্যরা। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে সমন্বয় করে এসব কার্যক্রম পরিচালনা করা হবে।
ঈদের সাত দিন আগে থেকে শুরু করে ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
একুশে সংবাদ/ যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

