প্রস্তাবিত ২০২৬–২৭ অর্থবছরের অর্থ বিল এবং নির্দিষ্টকরণ বিলে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ২টা ৩০ মিনিটে সংসদ ভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে তিনি এ স্বাক্ষর সম্পন্ন করেন। এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি, অর্থসচিব মো. খায়রুজ্জামান মজুমদার এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে সকাল ১০টায় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিশেষ মন্ত্রিসভার বৈঠকে বাজেট অনুমোদন করা হয়। পরবর্তীতে মন্ত্রিসভা অনুমোদিত বাজেট ফাইলে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী।
রাষ্ট্রপতি সংসদ ভবনের ষষ্ঠ তলার গ্যালারি থেকে বাজেট বক্তৃতা শোনেন বলেও জানা গেছে।
প্রসঙ্গত, ২০২৬–২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। সরকারের লক্ষ্য অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনা, ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিল করা এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধি বৃদ্ধি করা।
এ বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ঘাটতি দাঁড়াতে পারে ২ লাখ ৫১ হাজার কোটি টাকা, যা জিডিপির প্রায় ৩ দশমিক ৬ শতাংশ।
ঘাটতি পূরণে অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে।
অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে ১৫ হাজার কোটি টাকা নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সরকারের ঘোষিত লক্ষ্য অনুযায়ী, এই বাজেটের মাধ্যমে বাংলাদেশকে একটি ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতির’ পথে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

