দেশের বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। বুধবার (২০ মে) রাত ৯টায় সর্বোচ্চ ১৭ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।
এর আগে সর্বোচ্চ উৎপাদনের রেকর্ড ছিল ১৬ হাজার ৭৯৪ মেগাওয়াট। ২০২৫ সালের ২৩ জুলাই সেই রেকর্ড হয়েছিল। নতুন উৎপাদনের মাধ্যমে আগের রেকর্ড ছাড়িয়ে গেল বিদ্যুৎ খাত।
খাত সংশ্লিষ্টরা বলছেন, গরমের সময় সন্ধ্যার পর বিদ্যুতের চাহিদা সবচেয়ে বেশি থাকে। বিশেষ করে আবাসিক এলাকায় ফ্যান, এয়ার কন্ডিশনার ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহার বাড়ায় জাতীয় গ্রিডে চাপ তৈরি হয়।
তথ্য অনুযায়ী, দেশের মোট বিদ্যুৎ ব্যবহারের সবচেয়ে বড় অংশ যায় আবাসিক খাতে। মোট ব্যবহারের প্রায় ৫০ থেকে ৫৫ শতাংশ বিদ্যুৎ বাসাবাড়িতে ব্যবহৃত হয়।
এ ছাড়া শিল্প খাতে ব্যবহৃত হয় প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ বিদ্যুৎ। তৈরি পোশাক শিল্প, টেক্সটাইল ও বিভিন্ন ভারী শিল্পে বিদ্যুতের চাহিদা বেশি।
বাণিজ্যিক খাতেও উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ ব্যবহৃত হয়। মার্কেট, অফিস, হোটেল ও রেস্তোরাঁ মিলিয়ে প্রায় ১০ শতাংশ বিদ্যুৎ এ খাতে খরচ হয়। এছাড়া কৃষি, সেচ ও জনসেবামূলক কাজেও বিদ্যুৎ ব্যবহার করা হয়।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ২৯ হাজার মেগাওয়াটের বেশি। তবে প্রকৃত উৎপাদন জ্বালানি সরবরাহ, কেন্দ্রের সক্ষমতা ও চাহিদার ওপর নির্ভর করে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

