ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে একজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলম এ দায়িত্ব পালন করবেন।
বুধবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ৪৯(১)(ঘ)(আ) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে মোহাম্মদ আশরাফুল আলমকে ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মতে, ব্যাংকটির সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ, ব্যাংকের স্বার্থ সংরক্ষণ, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করার উদ্দেশ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পর্যবেক্ষক হিসেবে তিনি পরিচালনা পর্ষদের সভাসহ ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশগ্রহণ করবেন। পাশাপাশি ব্যাংকের কার্যক্রম সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য, মতামত ও পর্যবেক্ষণ কেন্দ্রীয় ব্যাংকের কাছে উপস্থাপন করবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের ব্যাংকিং খাতে স্থিতিশীলতা, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগের এই পদক্ষেপ ব্যাংকটির কার্যক্রমে আস্থা, শৃঙ্খলা ও সুশাসন আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

