যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল ইদ্রিস।
শনিবার (১৬ মে) রাষ্ট্রপতির একান্ত সচিব মো. দিদারুল আলম বঙ্গভবনের প্রেস উইংকে এ তথ্য জানান।
তিনি বলেন, লন্ডনের হোটেল হিলটনের লবিতে অনুষ্ঠিত অনানুষ্ঠানিক এ সাক্ষাৎকালে সুদানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে ড. কামিল ইদ্রিস বাংলাদেশের জনগণের সার্বিক কল্যাণ এবং রাষ্ট্রপতির সুস্বাস্থ্যের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও সুদানের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন এবং সুদানের জনগণের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।
সাক্ষাৎকালে সুদানের প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক সংকটময় সময়ে ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে নেতৃত্ব দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে প্রশংসা করেন। পাশাপাশি সুদানে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।
এ সময় রাষ্ট্রপতি সুদানের প্রধানমন্ত্রীর আন্তরিকতা ও শুভকামনার জন্য ধন্যবাদ জানান এবং দুই দেশের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ওপেন হার্ট সার্জারি করান। পরবর্তীতে হৃদরোগজনিত জটিলতার ফলো-আপ চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যের ক্যামব্রিজের রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গত ৯ মে স্বাস্থ্য পরীক্ষা ও ফলো-আপ চিকিৎসার উদ্দেশ্যে তিনি লন্ডনের পথে ঢাকা ত্যাগ করেন। চিকিৎসা শেষে আগামী ১৮ মে দেশে ফেরার কথা রয়েছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

