প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী বাজেটে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য বাড়তি বরাদ্দ রাখা হবে। আগামী এক বছরের মধ্যে দেশের ৫০ লাখ মা-বোনের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
শনিবার (১৬ মে) চাঁদপুর সফরের পথে কুমিল্লার লাকসামের মুদাফরগঞ্জে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। পরে বরুড়া উপজেলার লক্ষ্মীপুরেও আরেকটি পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
তারেক রহমান বলেন, নির্বাচনের আগে খাল পুনঃখননের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই আজ চাঁদপুর সফরে এসেছি। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, সামাজিক সুরক্ষা কার্যক্রমকে আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে নিম্নআয়ের পরিবারগুলোর সহায়তায় ফ্যামিলি কার্ড কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

