২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ আরও ৯৬ জন বঞ্চিত প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১৩ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
নিয়োগপ্রাপ্তদের আগামী ১৮ মে’র মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে তা চাকরিতে অনাগ্রহ হিসেবে বিবেচিত হবে এবং নিয়োগ বাতিল হতে পারে বলেও জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্তদের জ্যেষ্ঠতা সংরক্ষণের স্বার্থে তাদের ব্যাচের প্রথম নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ থেকে ভূতাপেক্ষিকভাবে নিয়োগ কার্যকর ধরা হবে। তবে এ কারণে তারা কোনো বকেয়া আর্থিক সুবিধা পাবেন না।
উল্লেখ্য, ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় ৩ হাজার ৫৬৭ জন উত্তীর্ণ হয়েছিলেন। পরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ওই ফল বাতিল করে দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে রিট করেন কয়েকজন প্রার্থী।
দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত বছরের ফেব্রুয়ারিতে আপিল বিভাগ নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনকে নিয়োগ দেওয়ার নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় এর আগে ৬৭৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। এবার নতুন করে আরও ৯৬ জনকে নিয়োগ দেওয়া হলো।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

