প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালুর চূড়ায় পৌঁছেছেন পর্বতারোহী বাবর আলী। শনিবার (২ মে) বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে তিনি ৮,৪৮৫ মিটার উচ্চতার এই শৃঙ্গে আরোহণ সম্পন্ন করেন।
এর মধ্য দিয়ে বিশ্বের ৮ হাজার মিটারের বেশি উচ্চতার ১৪টি শৃঙ্গের মধ্যে পঞ্চমটি জয় করলেন বাবর—যা বাংলাদেশের কোনো পর্বতারোহীর জন্য এক অনন্য মাইলফলক।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, নেপালের ‘মাকালু অ্যাডভেঞ্চার’–এর তথ্যের ভিত্তিতে তার শীর্ষে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ সময় তার সঙ্গে ছিলেন শেরপা গাইড আং কামি। সফল আরোহনের পর তিনি ধাপে ধাপে নেমে আসছেন এবং দ্রুত বেসক্যাম্পে ফেরার কথা রয়েছে।
নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত মাউন্ট মাকালু তার পিরামিড আকৃতির গঠন, প্রবল বাতাস ও তুষারধসের ঝুঁকির কারণে বিশ্বের অন্যতম দুর্গম পর্বত হিসেবে পরিচিত।
বাবর আলীর পর্বতারোহণ যাত্রা শুরু ২০১৭ সালে, ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে প্রশিক্ষণের মাধ্যমে। এরপর ধারাবাহিক সাফল্যে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও নজর কাড়েন। ২০২২ সালে আমা দাবলাম জয়, ২০২৪ সালে একই অভিযানে এভারেস্ট ও লোৎসে আরোহণ এবং ২০২৫ সালে অন্নপূর্ণা-১ ও অক্সিজেন ছাড়াই মানাসলু জয় তার উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে।
মাকালু জয় শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে এক বড় অগ্রগতি। তবে সামনে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে—বিশ্বের বাকি ৮ হাজার মিটার শৃঙ্গগুলো জয় করা। বাবরের এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আন্তর্জাতিক পর্বতারোহণে বাংলাদেশের উপস্থিতি আরও শক্তিশালী হতে পারে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

