AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাত জেলায় বন্যার আশঙ্কা


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৯:৫৬ এএম, ২২ জুন, ২০২৬

সাত জেলায় বন্যার আশঙ্কা

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কয়েক দিনের টানা বৃষ্টিতে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়া শুরু করেছে, তলিয়ে যাচ্ছে ফসলের জমি এবং দেখা দিচ্ছে নদীভাঙন। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় আরও ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে, যা বন্যা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, তিস্তা, ধরলা, দুধকুমার, সুরমা, কুশিয়ারা, ভুগাই, কংস ও সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণাসহ কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

সুনামগঞ্জে টানা বৃষ্টি এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুরমাসহ বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পাউবোর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি ৬৪ সেন্টিমিটার বেড়েছে। যদিও এখনো পানি বিপৎসীমার নিচে রয়েছে, তবে আগামী দুই দিনে ভারি বৃষ্টি হলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার খুব কাছাকাছি অবস্থান করছে। ব্যারাজের নিম্নাঞ্চলে ইতোমধ্যে পানি ঢুকতে শুরু করেছে। চরাঞ্চলের কৃষকরা তাদের ফসল নিয়ে উদ্বেগে রয়েছেন।

স্থানীয় কৃষকদের অভিযোগ, উজানের ঢল এবং বৃষ্টির কারণে পানি দ্রুত বাড়ছে। এতে আমন ধানের বীজতলা, বাদাম ও অন্যান্য আবাদি জমি ক্ষতির মুখে পড়েছে।

পাউবোর কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

কুড়িগ্রামে দুধকুমার ও ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলার বিভিন্ন চরাঞ্চল ও নিম্নভূমিতে পানি ঢুকতে শুরু করেছে। তলিয়ে যাচ্ছে বাদাম ও অন্যান্য ফসলের খেত।

এদিকে জেলার অন্তত ৩৫টি স্থানে নদীভাঙনের খবর পাওয়া গেছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।

কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, আগামী ৭২ ঘণ্টায় নদীর পানি আরও বাড়তে পারে এবং স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিশেষ করে যেসব এলাকায় পানি দ্রুত বাড়ছে, সেসব স্থানে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, আগামী কয়েক দিনের আবহাওয়া পরিস্থিতির ওপর নির্ভর করবে বন্যার প্রকৃতি ও বিস্তার। তবে বর্তমান পরিস্থিতিতে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!