কাতারের রাস লাফান শিল্পাঞ্চলের একটি গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫৪ জন আহত হয়েছেন। এছাড়া এখনো ১৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (২২ জুন) প্রকাশিত এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে এবং ঘটনাস্থলে জরুরি সেবা সংস্থাগুলো কাজ করছে।
রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান কাতারএনার্জি জানিয়েছে, রোববার রাতে রাস লাফান শিল্প শহরের বারজান গ্যাস সরবরাহ কেন্দ্রে কার্যক্রম শুরু করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সেখানে আগুন ছড়িয়ে পড়ে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক তদন্তে বলা হয়েছে, একটি কারিগরি বা যান্ত্রিক ত্রুটির কারণে অভ্যন্তরীণ বিস্ফোরণ ঘটতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত চলছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থল থেকে প্রায় ২০ কিলোমিটার দূর থেকেও আগুনের বিশাল শিখা ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
এখন পর্যন্ত কারখানার অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি মূল্যায়ন করছে।
রাস লাফান বিশ্বের অন্যতম বৃহৎ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন ও রপ্তানি কেন্দ্র হিসেবে পরিচিত। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা ও সংঘাতের প্রভাবের মধ্যেই স্থাপনাটি পুনরায় কার্যক্রম জোরদারের চেষ্টা চলছিল।
জ্বালানি খাত বিশ্লেষকদের মতে, কাতারের এই গুরুত্বপূর্ণ স্থাপনায় বড় ধরনের দুর্ঘটনা আন্তর্জাতিক গ্যাস সরবরাহ ও বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে।
কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত হতাহতের সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

