শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে দুর্দান্ত এক লড়াই উপহার দিয়ে মূল্যবান এক পয়েন্ট আদায় করেছে ইরান। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হলেও এই ফল গ্রুপ ‘জি’র শীর্ষে অবস্থান ধরে রাখতে সাহায্য করেছে এশিয়ার দলটিকে।
ম্যাচজুড়ে আক্রমণে আধিপত্য ছিল বেলজিয়ামের। কেভিন ডি ব্রুইনাদের দল ২৩টি শট নেয়, যার মধ্যে সাতটি ছিল লক্ষ্যে। তবে ইরানের সুসংগঠিত রক্ষণভাগ এবং গোলরক্ষক আলীরেজা বেইরানভান্দের অনবদ্য নৈপুণ্যে গোলের দেখা পায়নি ইউরোপের শক্তিশালী দলটি।
বেলজিয়ামের একের পর এক আক্রমণ ঠেকিয়ে ম্যাচের নায়ক বনে যান বেইরানভান্দ। তিনি একাই সাতটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে নিশ্চিত পরাজয়ের হাত থেকে রক্ষা করেন।
ম্যাচের শেষ দিকে নাথান এনগয়ের লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয় বেলজিয়াম। সংখ্যাগত সুবিধা পেয়ে ইরান আক্রমণের তীব্রতা বাড়ালেও শেষ পর্যন্ত জয়সূচক গোল আদায় করতে পারেনি। তবে ড্র থেকে পাওয়া এক পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হয়েছে উভয় দলকে।
দুই ম্যাচ শেষে ইরান গ্রুপ ‘জি’র শীর্ষে অবস্থান করছে এবং নকআউট পর্বে ওঠার পথে এগিয়ে রয়েছে। শেষ ম্যাচে মিশরের বিপক্ষে ইতিবাচক ফল অর্জন করতে পারলে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করার সুযোগ থাকবে এশিয়ার অন্যতম শক্তিশালী দলটির সামনে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

