অবশেষে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম জয়ের দেখা পেল মিসর। কানাডার ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে মোহাম্মদ সালাহর দল।
এর আগে ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ সালের বিশ্বকাপে অংশ নিলেও কোনো ম্যাচে জয় পায়নি মিসর। আজকের ম্যাচের আগে বিশ্বকাপে খেলা তাদের আটটি ম্যাচের একটিতেও জয়ের স্বাদ ছিল না। সেই অপেক্ষার অবসান হলো নিউজিল্যান্ডকে হারিয়ে।
ম্যাচের শুরুটা অবশ্য মিসরের জন্য সুখকর ছিল না। ১৫ মিনিটে ফিন সারম্যানের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। কর্নার থেকে ভেসে আসা বলে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন এই ডিফেন্ডার। প্রথমার্ধ শেষে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় নিউজিল্যান্ড।
তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। ৫৮ মিনিটে ডান প্রান্ত থেকে মোহাম্মদ হানির চমৎকার ক্রসে শক্তিশালী হেডে সমতা ফেরান মোস্তাফা জিকো। বল মাটিতে বাউন্স খেয়ে জালে জড়ালে ম্যাচে ফেরে মিসর।
সমতা ফেরানোর মাত্র নয় মিনিট পরই এগিয়ে যায় আফ্রিকার দলটি। ৬৭ মিনিটে মোস্তাফা জিকোর সহায়তায় বাঁ পায়ের শক্তিশালী ও বাঁকানো শটে গোল করেন অধিনায়ক মোহাম্মদ সালাহ। লিভারপুল কিংবদন্তির এই গোলেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় মিসর।
এরপর ৮২ মিনিটে ত্রেজেগের গোলে ব্যবধান আরও বাড়ে। ফলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মিসর।
দ্বিতীয়ার্ধে মাত্র ২৪ মিনিটের ব্যবধানে তিন গোল করে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম জয় নিশ্চিত করে মিসর। দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া এই জয় দেশটির ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

