ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৫০টির মধ্যে ৪৯ জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশিত গেজেটে ৪৯ জন নারী প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয়। এর মধ্যে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত-এনসিপি জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজন প্রার্থী রয়েছেন।
এর আগে বুধবার (২৯ এপ্রিল) নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেন। পরদিন সেই তালিকা কমিশনে উপস্থাপনের পর আনুষ্ঠানিকভাবে গেজেট জারি করা হয়।
গেজেট অনুযায়ী, বিএনপি জোট থেকে নির্বাচিতদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরীসহ আরও অনেকে।
এছাড়া জামায়াত-এনসিপি জোট থেকে নির্বাচিত হয়েছেন নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার, নাজমুন নাহার, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও মাহবুবা হাকিম।
স্বতন্ত্র জোটের প্রার্থী হিসেবে সুলতানা জেসমিনও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সংবিধান অনুযায়ী সংরক্ষিত নারী আসনের সদস্যরা দলীয় আসনসংখ্যার অনুপাতে মনোনীত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেন।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

