"নিরাপদ নাটোর গঠনে আইন-শৃঙ্খলা বাহিনী ও জনগণের অংশীদারিত্ব" প্রতিপাদ্যে নাটোরের বড়াইগ্রামে র্যাব-৫, সিপিসি-২ নাটোরের আয়োজনে একটি টাউনহল সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট জোসেফ্স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।
ডিএডি আসাদুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন র্যাব-৫-এর সহকারী পরিচালক (অতিরিক্ত পুলিশ সুপার) মোয়াজ্জেম হোসেন, বড়াইগ্রামের সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর, জ্যেষ্ঠ ডিএডি কৃষ্ণপদ সরকার, নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. কামাল হোসেন, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুর রহমান, সেন্ট জোসেফস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক বেনেডিক্ট গোমেজ এবং ডিএডি মো. জহুরুল হক প্রমুখ।
সভায় বক্তারা যুবসমাজের মধ্যে মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাংয়ের প্রবণতা, ইভটিজিং, মোবাইল/ইমো অ্যাকাউন্ট হ্যাকিং এবং বাল্যবিবাহসহ বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয় নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন। এসব সামাজিক অবক্ষয় প্রতিরোধে র্যাবের ভূমিকা তুলে ধরে তারা অভিভাবকসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

