সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সুপ্রিম কোর্টের এক আইনজীবী এ অভিযোগ দাখিল করেন বলে জানা গেছে।
দুদক সূত্রে জানা যায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি পর্যালোচনা করা হবে।
অভিযোগপত্রে বলা হয়েছে, দায়িত্ব পালনকালে আইন মন্ত্রণালয়ে সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে অনিয়ম ও ঘুষ লেনদেনের ঘটনা ঘটেছে। এতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট সময়ে বদলি প্রক্রিয়ায় কোনো নির্ধারিত নীতিমালা অনুসরণ করা হয়নি এবং আর্থিক লেনদেনের বিনিময়ে পদায়নের অভিযোগ রয়েছে।
এছাড়া, তৎকালীন ব্যক্তিগত সহকারী (পিএস) শামসুদ্দিন মাসুমের মাধ্যমেও এসব লেনদেন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তার বিরুদ্ধেও সম্পদ ও দুর্নীতি অনুসন্ধানের আহ্বান জানানো হয়েছে।
অভিযোগে আরও দাবি করা হয়, সাব-রেজিস্ট্রার বদলি সংক্রান্ত লেনদেনে বিপুল অঙ্কের অর্থ আদান-প্রদান হয়েছে।
এ বিষয়ে দুদককে প্রয়োজনীয় অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

