রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি মামলায় সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টা ২০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মো. নাসির উদ্দিন।
তিনি জানান, রাজধানীর বিভিন্ন থানায় শিরীন শারমিনের বিরুদ্ধে মোট ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের লালবাগ থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তাকে কখন আদালতে তোলা হবে—এ বিষয়ে জানতে চাইলে ডিবির এই কর্মকর্তা বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং কিছুটা সময় লাগবে।
এর আগে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের মুখপাত্র এন এম নাসির উদ্দিন জানান, মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমন্ডিতে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
উল্লেখ্য, ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর ২ সেপ্টেম্বর স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন শিরীন শারমিন চৌধুরী। তিনি ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবার স্পিকার নির্বাচিত হন এবং পরবর্তীতে টানা এ দায়িত্ব পালন করেন।
এছাড়া, জুলাই গণঅভ্যুত্থানকালীন সহিংসতার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রংপুরে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহতের ঘটনায় দায়ের করা একটি হত্যা মামলাতেও তার নাম রয়েছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

