প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভা আজ সোমবার (৬ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সভায় উপস্থাপনের জন্য চূড়ান্তভাবে ১৭টি প্রকল্প নির্বাচন করা হয়েছে।
সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে একনেকের সভাপতি হিসেবে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শুরুতে ১৮টি প্রকল্প উপস্থাপনের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত ১৭টি প্রকল্প তালিকাভুক্ত হয়েছে। এর মধ্যে ৯টি নতুন প্রকল্প। পাশাপাশি পরিকল্পনা মন্ত্রীর অনুমোদন পাওয়া আরও ৩৩টি প্রকল্পও বৈঠকে উপস্থাপন করা হবে।
তবে আলোচিত ‘পদ্মা ব্যারাজ প্রকল্প’ এ তালিকা থেকে বাদ পড়েছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রস্তাবিত এই প্রকল্পটি ভারতের ফারাক্কা বাঁধের প্রভাব মোকাবিলায় নেওয়ার কথা ছিল।
সভায় যেসব প্রকল্প আলোচনায় রয়েছে, তার মধ্যে রয়েছে—করতোয়া নদী ব্যবস্থার উন্নয়ন, ময়মনসিংহ অঞ্চলে জলবায়ু সহনশীল সেতু নির্মাণ, রাজধানীতে জরুরি পানি সরবরাহ, আইটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, সীমান্ত সড়ক নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্প। এছাড়া শিশু ও মাতৃস্বাস্থ্য উন্নয়নে মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ এবং অংশীদারিত্বমূলক উন্নয়ন উদ্যোগও অন্তর্ভুক্ত রয়েছে।
খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নদী ও জলবায়ু সংক্রান্ত ৪টি, অবকাঠামো উন্নয়ন ৫টি, সড়ক খাতের ৩টি, স্বাস্থ্য খাতের ২টি, প্রযুক্তি উন্নয়ন ২টি এবং একটি অংশীদারিত্বমূলক উন্নয়ন প্রকল্প রয়েছে তালিকায়। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ১৬১ কোটি টাকা।
অর্থনীতিবিদদের মতে, নতুন সরকারের প্রথম একনেক সভায় গৃহীত সিদ্ধান্তগুলো ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও কার্যকর তদারকির ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

