পুলিশ বিভাগের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার দুই কর্মকর্তাসহ মোট ছয়জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। এ বিষয়ে রোববার (৫ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) রায়হান উদ্দিন খানকে পুলিশ অধিদফতরে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি সহেলী ফেরদৌসকে এপিবিএনে দায়িত্ব দেওয়া হয়েছে। হাইওয়ে পুলিশের পুলিশ সুপার কাজী মো. ছোয়াইবকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে একই পদে বদলি করা হয়েছে।
একই আদেশে পুলিশ সুপার মো. মনিরুজ্জামানকে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট-এ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, পুলিশ অধিদফতরের ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীরকে একই দফতরে ট্রেনিং রিজার্ভ (টিআর) পদে ডিআইজি এবং টিআর পদে থাকা ডিআইজি মাহফুজুর রহমানকে রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জনস্বার্থে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে এবং এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

