জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডির অধিবেশনে বাংলাদেশ ইস্যুতে আলোচনায় অংশ নেওয়া ৪৭টি দেশ বর্তমান সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে অভিনন্দন জানিয়ে দেশগুলো পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার অঙ্গীকারও প্রকাশ করেছে।
সোমবার (৩০ মার্চ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য জানায়।
মন্ত্রণালয় জানায়, আইএলও কনভেনশন ৮১, ৮৭ ও ৯৮ বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগে ২০১৯ সালে দায়ের করা মামলার প্রেক্ষিতে বাংলাদেশের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এ সময় বর্তমান সরকার নবম অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করে।
আলোচনায় ৫৬ সদস্যবিশিষ্ট গভর্নিং বডির বিভিন্ন দেশ, আঞ্চলিক গ্রুপ ও মালিকপক্ষ বাংলাদেশের শ্রম খাত সংস্কারে সরকারের উদ্যোগের প্রশংসা করে। তারা চলমান মামলাটি দ্রুত নিষ্পত্তিরও আহ্বান জানায়।
অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর শ্রম, কর্মসংস্থান ও শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তারা শ্রম অধিকার, সামাজিক ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের অঙ্গীকার তুলে ধরেন।
এ সময় শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-কে আইনে রূপান্তরের প্রক্রিয়া ত্বরান্বিত করার আশ্বাস দেওয়া হয়। ত্রিপক্ষীয় আলোচনার ভিত্তিতে প্রস্তাবিত সংশোধনীগুলোর প্রতিও সরকারের ইতিবাচক মনোভাবের কথা জানানো হয়।
আলোচনা শেষে সিদ্ধান্ত হয়, মামলাটির পরবর্তী পর্যালোচনা আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

