সংবিধান সংস্কারের ক্ষেত্রে জনগণের প্রত্যাশা এবং ছাত্র-গণঅভ্যুত্থানের শহিদদের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে এই প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
শনিবার (২৮ মার্চ) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, সংবিধান সংশোধনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ’কে ভিত্তি হিসেবে বিবেচনা করা হবে। এ লক্ষ্যে একটি সংবিধান সংস্কার কমিটি গঠন করা হবে, যা প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।
সংবিধানে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে অন্তর্ভুক্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নিয়ে গঠিত কমিটিতে বিস্তারিত আলোচনা হবে এবং সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, সংশোধনী প্রস্তাব সংসদে উত্থাপন করে সংবিধান অনুযায়ী পর্যায়ক্রমে আলোচনা ও অনুমোদনের মাধ্যমে চূড়ান্ত করা হবে।
এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, পুলিশি দায়িত্ব কেবল ক্ষমতার প্রতীক নয়, বরং এটি সেবা, ত্যাগ ও দায়িত্ববোধের প্রতিফলন।
অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

