জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত (GST) পদ্ধতিতে ২০টি সাধারণ ও বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে উপস্থিতির হার ছিল ৮৫.৮৮ শতাংশ।
শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। জাবিপ্রবি কেন্দ্রের মোট ২৫৫ জন পরীক্ষার্থীকে আসনের ব্যবস্থা করা হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন ২১৯ জন।
এর আগে সকাল ৯টা থেকেই পরীক্ষার্থীরা বিভিন্ন স্থান থেকে নির্ধারিত সময়ে আগে পৌঁছাতে শুরু করেন। জামালপুর, শেরপুরসহ আশপাশের জেলার শিক্ষার্থীদের পছন্দের কেন্দ্র ছিল জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন, রেজিস্ট্রার মোহাম্মদ নুর-হোসেন চৌধুরী সহ প্রশাসনের সদস্যরা, হেল্পডেস্ক ও পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাদীকুর রহমান বলেন, “ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের নির্দেশনা দিতে হেল্পডেস্ক বসানো হয়েছে। রোভার স্কাউট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করেছেন। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।”
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান পরীক্ষা হল পরিদর্শন করে বলেন, “অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সবকিছু সুন্দরভাবে পরিচালিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক এবং স্বেচ্ছাসেবক (ভলেন্টিয়ার)দের ধন্যবাদ জানাই।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

