জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি প্রদানের বিষয়ে আইন পাসের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এটি আগামী সংসদ অধিবেশনে কার্যকর হবে।
বুধবার (২৫ মার্চ) সরকারের এক মাস পূর্তি উপলক্ষে সচিবালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী জানান, ত্রয়োদশ নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার মাধ্যমে নির্বাচিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সরকার। পাশাপাশি প্রতিমাসে জনগণের কাছে সরকারের কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
নির্বাচনী ইশতেহারে ঘোষিত ওয়াদা বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মন্ত্রী জানান, দায়িত্ব নেওয়ার মাত্র ২১ দিনের মধ্যে ভোটের কালি মোছার আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করা হয়েছে। বর্তমানে দেশে চার কোটি ১০ লাখ পরিবার চিহ্নিত করা হয়েছে এবং পর্যায়ক্রমে সবার কাছে কার্ড পৌঁছে দেওয়া হবে। একই সঙ্গে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী প্রদানের কার্যক্রম শুরু হয়েছে এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্বাচনী এলাকায় ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
কৃষক কার্ড সংক্রান্ত তথ্য দিয়ে মন্ত্রী বলেন, আগামী পহেলা বৈশাখ প্রধানমন্ত্রী টাঙ্গাইল থেকে কার্যক্রম উদ্বোধন করবেন। প্রাথমিক পর্যায়ে ২১ হাজার কৃষক কার্ড বিতরণ করা হবে।
সরকারের শীর্ষ কর্মকর্তা হিসেবে সংসদ সদস্যদের কোনো শুল্কমুক্ত গাড়ি সুবিধা বা প্লট গ্রহণের সুযোগ বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রীকে ঘিরে ভিআইপি প্রটোকলের বহরও বাতিল করা হয়েছে।
স্বাস্থ্য খাতের প্রসঙ্গে মন্ত্রী জানান, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে, যার ৮০ ভাগ নারী। সকলকে ই-হেলথ কার্ড প্রদান করার পরিকল্পনা রয়েছে।
শ্রমিক কল্যাণে মন্ত্রী বলেন, এবার ঈদের আগে গার্মেন্টস খাতে বেতন ও বোনাস যথাসময়ে প্রদান করা হয়েছে, এজন্য ২৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া চাঁদাবাজি নিয়ন্ত্রণ ও অবৈধ দোকানপাট বন্ধের জন্যও উদ্যোগ নেওয়া হয়েছে।
পর্যটন ও বন্দর উন্নয়নের অংশ হিসেবে শাহজালালের তৃতীয় টার্মিনাল শিগগিরই চালু হবে। দেশের বড় বড় বিমানবন্দরগুলোতে ফ্রি ইন্টারনেট সেবা দেওয়ারও ব্যবস্থা নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী জানান, যুদ্ধপরিস্থিতিতে ইরানে আটকে পড়া চার শতাধিক প্রবাসী সরকারি খরচে দেশে ফিরিয়েছেন। পাশাপাশি তিনি বলেন, দেশে বর্তমানে জ্বালানির কোনো সংকট নেই এবং মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই। জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি না কেনারও আহ্বান জানান তিনি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

