AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:২৬ পিএম, ৯ মার্চ, ২০২৬

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাবে ৩৭ হাজার ৫৬৪ পরিবার

পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করছে সরকার। প্রথম ধাপে মোট ৩৭ হাজার ৫৬৪টি নারী প্রধান পরিবার এ কার্ডের আওতায় আসবে।

সোমবার (৯ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।

তিনি জানান, আগামী মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

মন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবারে নারীকে প্রধান হিসেবে স্বীকৃতি দিয়ে তার নামে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে বিভিন্ন সামাজিক সুরক্ষা সুবিধা সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

তিনি আরও জানান, প্রতিটি কার্ডের মাধ্যমে একটি পরিবারের সর্বোচ্চ পাঁচজন সদস্য সুবিধা পাবেন। তবে যৌথ বা একান্নবর্তী পরিবারে সদস্য সংখ্যা পাঁচের বেশি হলে আনুপাতিক হারে একাধিক কার্ড দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

পাইলট প্রকল্পের আওতায় নির্বাচিত পরিবারগুলোকে মাসিক ২ হাজার ৫০০ টাকা ভাতা দেওয়া হবে। ভবিষ্যতে একই মূল্যের খাদ্য সহায়তা দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানান মন্ত্রী।

এ ছাড়া যেসব নারী গৃহপ্রধান ইতোমধ্যে অন্য কোনো সরকারি ভাতা পাচ্ছেন, তাদের ক্ষেত্রে সেই সুবিধা বাতিল হিসেবে গণ্য হবে। তবে পরিবারের অন্য সদস্যরা তাদের প্রাপ্য ভাতা গ্রহণ চালিয়ে যেতে পারবেন।

মন্ত্রী জানান, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন করে উপকারভোগী নির্বাচন করা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থা, সদস্যসংখ্যা, শিক্ষা, বাসস্থান, গৃহস্থালি সামগ্রী ও রেমিট্যান্সসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়। পরে যাচাই-বাছাই শেষে সফটওয়্যারের মাধ্যমে প্রক্সি মিনস টেস্ট পদ্ধতিতে পরিবারগুলোকে শ্রেণিবিন্যাস করা হয়।

প্রাথমিকভাবে ৬৭ হাজার ৮৫৪টি নারী প্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হলেও যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৪টি পরিবারকে নির্বাচন করা হয়েছে।

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে স্পর্শবিহীন (কন্টাক্টলেস) চিপ, কিউআর কোড ও এনএফসি প্রযুক্তি সম্বলিত একটি স্মার্ট কার্ড দেওয়া হবে, যা নিরাপদ ও দীর্ঘস্থায়ী হবে।

মন্ত্রী আরও জানান, যেসব পরিবারের সদস্য সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত, পেনশনভোগী, বড় ব্যবসা প্রতিষ্ঠান বা বাণিজ্যিক লাইসেন্সধারী, বিলাসবহুল সম্পদ যেমন গাড়ি বা এসি রয়েছে কিংবা পাঁচ লাখ টাকার সঞ্চয়পত্র আছে—সেসব পরিবার এই কর্মসূচির জন্য যোগ্য বিবেচিত হবে না।

তিনি বলেন, ফ্যামিলি কার্ডের ভাতা জি-টু-পি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে সরাসরি উপকারভোগী নারীর মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। এতে কোনো মধ্যস্থতা ছাড়াই তারা সরাসরি সরকারি সহায়তা গ্রহণ করতে পারবেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!