ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে এক বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা।
সোমবার (২ মার্চ) দিবাগত রাতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি টেলিফোনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি রাজা হামাদ বিন ইসা আল খলিফার পক্ষ থেকে এই শোকবার্তা পৌঁছে দেন।
টেলিফোনালাপে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর বিষয়টি তারা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বাহরাইনের রাজার গভীর সমবেদনা প্রকাশ করেন।
এ সময় বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটিতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা, সুরক্ষা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে বাহরাইন সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এই ঘটনায় বাহরাইন সরকারের সহযোগিতা ও সহানুভূতির জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, এর আগেও সোমবার বিকেলে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

