পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (৩ মার্চ)। প্রথম দিনে ১৩ মার্চের যাত্রার টিকিট অনলাইনে পাওয়া যাবে।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, সিলেটসহ পূর্বাঞ্চল রেলের সব রুটে আগামীকাল দুপুর ২টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে সকাল ৮টা থেকে। এবারও শতভাগ টিকিট অনলাইনেই বিক্রি করা হবে।
ঈদযাত্রায় বাড়তি যাত্রীচাপ সামাল দিতে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালু করা হচ্ছে। পাশাপাশি পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৪৭টি এমজি কোচ যুক্ত করা হবে নিয়মিত যাত্রীবাহী ট্রেনে। ঈদের দিন কাউন্টারে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থাও রাখা হচ্ছে।
রেলওয়ে সূত্র জানায়, উৎসবের সময় পূর্বাঞ্চলে চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে ৫৪টির বেশি এবং পশ্চিমাঞ্চলে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে ৫৮টি আন্তঃনগর ট্রেন চলাচল করবে।
রেলওয়ে সূত্র বলছে, আগামীকাল মঙ্গলবার পাওয়া যাবে ১৩ মার্চের টিকিট। দ্বিতীয় দিন বুধবার (৪ মার্চ) পাওয়া যাবে ১৪ মার্চের টিকিট।
এছাড়াও, ১৫ মার্চের ট্রেনের টিকিট মিলবে ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট পাওয়া যাবে ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ৯ মার্চ বিক্রি করা হবে ১৯ মার্চের আগাম টিকিট।
এছাড়া ঐতিহাসিক শোলাকিয়া ঈদের জামাত উপলক্ষে ভৈরব বাজার–কিশোরগঞ্জ রুটসহ মোট পাঁচ জোড়া বিশেষ ট্রেন চলবে।
রেলওয়ের মহাপরিচালক জানিয়েছেন, ঈদের সময় শিডিউল ঠিক রাখতে অতিরিক্ত ইঞ্জিন সংযোজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। কমলাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার বলেন, যাত্রীসেবা ও নিরাপত্তায় এবার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
প্রথমে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট বা অ্যাপে প্রবেশ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। ব্যক্তিগত তথ্য দেওয়ার পর মোবাইলে পাঠানো ওটিপি ভেরিফাই করতে হবে।
রেজিস্ট্রেশন শেষে লগইন করে ভ্রমণের তারিখ, যাত্রা শুরুর স্টেশন, গন্তব্য ও শ্রেণি নির্বাচন করে ‘ফাইন্ড টিকিট’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ট্রেন ও আসনের তথ্য দেখা যাবে। আসন খালি থাকলে পছন্দের সিট নির্বাচন করে পেমেন্ট সম্পন্ন করতে হবে।
ভিসা, মাস্টারকার্ড বা বিকাশের মাধ্যমে মূল্য পরিশোধ করলে ই-টিকিট স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে এবং ই-মেইলেও পাঠানো হবে। যাত্রার আগে ই-টিকিট ও বৈধ পরিচয়পত্র নিয়ে নির্ধারিত স্টেশন থেকে প্রিন্টেড টিকিট সংগ্রহ করা যাবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

