প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই দফতর বণ্টন কার্যকর করা হয়।
এর আগে, গত ২০ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের আট সদস্যের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সর্বশেষ প্রজ্ঞাপনে বাকি দুই উপদেষ্টার দায়িত্ব নির্ধারণ করা হলো।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিমন্ত্রী পদমর্যাদার ড. হুমায়ুন কবিরকে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে—পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। অন্যদিকে ডা. জাহেদ উর রহমানকে পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক দায়িত্ব প্রদান করা হয়েছে।
মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী আহমেদ ‘রাজনৈতিক উপদেষ্টা’ হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া মো. ইসমাইল জবিউল্লাহ জনপ্রশাসন মন্ত্রণালয় এবং রাশেদ আল মাহমুদ তিতুমীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া মাহদী আমিনকে একযোগে চারটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে—শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। অপরদিকে রেহান আসিফ আসাদ পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

