AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএনপি জোট ৩৫, জামায়াত জোট ১৩ সংরক্ষিত নারী আসন পেতে পারে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৫৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

বিএনপি জোট ৩৫, জামায়াত জোট ১৩ সংরক্ষিত নারী আসন  পেতে পারে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সদস্যদের গেজেট প্রকাশের পর সংরক্ষিত নারী আসনের প্রাথমিক হিসাব প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের হিসাবে, বিএনপি জোট ৩৫টি এবং জামায়াত জোট ১৩টি সংরক্ষিত নারী আসন পেতে পারে।

ইসি জানায়, সংসদে একটি সংরক্ষিত নারী আসন পেতে কমপক্ষে ছয়জন নির্বাচিত সংসদ সদস্য থাকতে হয়। এ নিয়ম অনুযায়ী দল বা জোটের প্রাপ্ত সাধারণ আসনের ভিত্তিতে সংরক্ষিত নারী আসনের সংখ্যা নির্ধারিত হয়। স্বতন্ত্র সংসদ সদস্যরাও চাইলে কোনো জোটে যুক্ত হয়ে সংরক্ষিত নারী আসনের হিসাবকে প্রভাবিত করতে পারেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ২৯৬টি সংসদীয় আসনের গেজেট প্রকাশ করা হয়েছে। এর মধ্যে বিএনপি জোট পেয়েছে ২১১টি আসন, জামায়াত জোট পেয়েছে ৭৪টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন সাতটি আসনে। এ হিসাবে স্বতন্ত্রদের পক্ষ থেকেও একটি সংরক্ষিত নারী আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ—এই তিনটি দল যথাক্রমে এক, দুই ও একটিসহ মোট চারটি আসনে জয়ী হলেও প্রয়োজনীয় ছয়টি আসন না থাকায় তারা এককভাবে সংরক্ষিত নারী আসনের যোগ্যতা অর্জন করতে পারেনি। তবে এসব দল চাইলে অন্য কোনো জোটে যুক্ত হয়ে নারী আসনের বণ্টনে ভূমিকা রাখতে পারবে।

এদিকে চারটি আসনের ফলাফল এখনো চূড়ান্ত হয়নি। হাইকোর্টের আদেশে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের গেজেট স্থগিত, বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা এবং শেরপুর-৩ আসনে প্রার্থী মৃত্যুবরণ করায় ভোট স্থগিত রয়েছে। এসব আসনের নিষ্পত্তির পর সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত সংখ্যা কিছুটা কমবেশি হতে পারে বলে জানিয়েছে ইসি।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, সংবিধান অনুযায়ী দল বা জোটভিত্তিকভাবে সংরক্ষিত নারী আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করা যায় এবং এতে কোনো আইনি বাধা নেই।

ইসি আরও জানায়, সংবিধান অনুযায়ী জাতীয় সংসদে মোট ৫০টি নারী আসন সংরক্ষিত। সাধারণ নির্বাচনের ফলাফল গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে এসব আসনের নির্বাচন সম্পন্ন করতে হবে। সে হিসেবে চলতি বছরের মে মাসের মধ্যভাগের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন আয়োজন করা হবে।

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ভোট দেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। দল বা জোট তাদের প্রাপ্য আসনের বিপরীতে একজন করে প্রার্থী মনোনয়ন দেবে। কোনো আসনে একাধিক প্রার্থী হলে ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর একক প্রার্থী থাকলে ভোট ছাড়াই তাকে নির্বাচিত ঘোষণা করা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!