রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তারা একে অপরের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে মন্ত্রিসভার কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
এদিন দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনিযুক্ত প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করান।
এর আগে সকালে জাতীয় সংসদে শপথ গ্রহণের পর সংসদীয় দলের সভায় বিএনপি দলীয় সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন।
একই দিনে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর শপথ শেষে রাষ্ট্রপতি পর্যায়ক্রমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

