নতুন মন্ত্রিসভার মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের ব্যবহারের জন্য ৪৫টি সরকারি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের চাহিদার ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন পরিবহন পুল (সরকারি যানবাহন অধিদপ্তর) এসব গাড়ি প্রস্তুত করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার পর থেকে গাড়িগুলো সচিবালয়ে প্রবেশ করতে শুরু করে। সচিবালয়ের নতুন ১ নম্বর ভবনের নিচে এবং সামনের অংশে এসব গাড়ি রাখা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিবহন পুলে মোট ৬৮টি গাড়ি থাকলেও আপাতত ৪৫টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে চার-পাঁচটি অতিরিক্ত রাখা হয়েছে, যাতে কোনো গাড়িতে যান্ত্রিক সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে বিকল্প ব্যবস্থা নেওয়া যায়।
প্রস্তুত রাখা গাড়িগুলোর মধ্যে বেশিরভাগই টয়োটা ক্যামরি, পাশাপাশি কিছু মিতসুবিশি ল্যান্সার রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে নির্ধারিত লিয়াজোঁ কর্মকর্তা ও চালক গাড়ি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর বাসভবনে পৌঁছে যাবেন।
এদিকে মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, শপথ অনুষ্ঠান ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। নতুন সরকার গঠনের সার্বিক সচিবীয় কার্যক্রম মন্ত্রিপরিষদ বিভাগই পরিচালনা করে থাকে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির ফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে বিএনপি জোট জয় পেয়েছে ২১২টি আসনে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপি জোট পেয়েছে ৭৭টি আসন এবং স্বতন্ত্রসহ অন্যান্যরা পেয়েছে ৮টি আসন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

