অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিচ্ছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টা ১৫ মিনিটে তিনি এই ভাষণ শুরু করেন। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার একযোগে ভাষণটি সরাসরি সম্প্রচার করছে।
নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণের প্রাক্কালে জাতির উদ্দেশে এ ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা। আগামীকাল মঙ্গলবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ গ্রহণ করবে। এর মধ্য দিয়ে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দায়িত্বকাল আনুষ্ঠানিকভাবে শেষ হবে।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অনুষ্ঠিত গণভোটকে সামনে রেখে তিনি জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোট অনুষ্ঠিত হয়।
নির্বাচনের ফল অনুযায়ী, ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টিতে জয়লাভ করে সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের তিনটি আসনসহ বিএনপি জোটের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ২১২। অপরদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন সাতটি আসনে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে বিজয়ী হয়েছে।
সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের পর তিন কার্যদিবসের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের বিধান রয়েছে। নির্বাচন কমিশন শুক্রবার রাতে ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির গেজেট প্রকাশ করেছে।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

