AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে’


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:১০ পিএম, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

‘আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে’

আদালতের নির্দেশ পাওয়া গেলে ভোট পুনর্গণনার বিষয়ে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এ সময় আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন কমিশন আজই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ সংক্রান্ত চিঠি পেতে পারে। তিনি জানান, শপথ অনুষ্ঠান আয়োজনের জন্য কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

অন্যদিকে, মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, একই দিন বিকাল ৪টায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের নেতৃত্বে রয়েছেন তারেক রহমান। প্রায় দুই দশক পর আবার সরকার গঠনের পথে রয়েছে দলটি।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়। পরদিন ১৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল প্রকাশ করে। উচ্চ আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফলের গেজেট প্রকাশ এখনো স্থগিত রয়েছে।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে। বিএনপির শরিক দলগুলো পেয়েছে তিনটি আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী অর্জন করেছে ৬৮টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যান্য শরিকরা পেয়েছে নয়টি আসন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা সাতটি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে বিজয়ী হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!