AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কিছু বিচ্ছিন্ন অনিয়ম সত্ত্বেও ত্রয়োদশ সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৩৬ পিএম, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

কিছু বিচ্ছিন্ন অনিয়ম সত্ত্বেও ত্রয়োদশ সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু

কিছু বিচ্ছিন্ন অনিয়ম ও পর্যবেক্ষকদের কাজে সীমাবদ্ধতার অভিযোগ পাওয়া গেলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামগ্রিকভাবে শান্তিপূর্ণ, সহিংসতামুক্ত এবং সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সংস্থাটির পর্যবেক্ষণে বলা হয়েছে, আগের কয়েকটি নির্বাচনের তুলনায় এবারের নির্বাচন ছিল তুলনামূলকভাবে বেশি নিরপেক্ষ ও উৎসবমুখর।

রোববার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন করেন এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম।

তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য সংগঠনটির পক্ষ থেকে দেশের ৬৪ জেলায় মোট ৫৬৫ জন পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়। এসব পর্যবেক্ষক ১০০টি আসনের এক হাজার ৭৩৩টি ভোটকেন্দ্রে নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এর মধ্যে ৩৪৭ জন পর্যবেক্ষক ভোট গণনার সময় সরাসরি উপস্থিত ছিলেন। তবে অন্তত ৪৮ জন পর্যবেক্ষককে গণনা কক্ষে প্রবেশে বাধা দেওয়া হয় বা নানা সীমাবদ্ধতার মুখে পড়তে হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এইচআরএসএস জানায়, সারাদেশে ভোটগ্রহণ সামগ্রিকভাবে সুষ্ঠু হলেও অন্তত ২১টি কেন্দ্রে অনিয়মের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। সিলেট-৪ আসনের কাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি রাজনৈতিক দলের কর্মীদের কেন্দ্র দখলের অভিযোগ ওঠে। সুনামগঞ্জের একটি কেন্দ্রে পর্যবেক্ষককে হেনস্থা করে বের করে দেওয়ার এবং হবিগঞ্জ-৩ আসনের একটি কেন্দ্রে পর্যবেক্ষকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভোলার কয়েকটি কেন্দ্রে হামলা ও ভোট জালিয়াতির তথ্যও প্রতিবেদনে উঠে এসেছে।

এ ছাড়া বরিশাল বিভাগের কিছু কেন্দ্রে ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে। ময়মনসিংহ বিভাগের একটি কেন্দ্রে প্রায় ৩০০ ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানানো হয়। কিছু কেন্দ্রে ব্যালট বাক্সের নিরাপত্তা ব্যবস্থা খোলা থাকার অভিযোগও পাওয়া গেছে। গাইবান্দার ইসলামপুর থানার কয়েকটি কেন্দ্রে অস্বাভাবিক হারে ভোট পড়ার তথ্য উঠে এসেছে। একটি কেন্দ্রে দুপুর ২টার মধ্যেই প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে বলে জানানো হলেও প্রিজাইডিং কর্মকর্তা এ বিষয়ে স্পষ্ট তথ্য দিতে পারেননি।

রংপুর, কুমিল্লা, রাজশাহী, ঢাকা ও গাজীপুরের কিছু কেন্দ্রে পর্যবেক্ষকদের প্রবেশে বাধা, ভোট গণনা পর্যবেক্ষণে প্রতিবন্ধকতা এবং মৌখিকভাবে হেনস্থার অভিযোগ পাওয়া গেছে। কোথাও কোথাও ভোট শুরুর আগেই ব্যালট পেপারে স্বাক্ষর ও সিল দেওয়ার এবং ভোটারদের নামে আগেই ভোট দেওয়া হয়ে যাওয়ার অভিযোগ উঠে আসে। যদিও কয়েকটি ক্ষেত্রে চ্যালেঞ্জ ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ইজাজুল ইসলাম বলেন, বিচ্ছিন্ন এসব ঘটনার বাইরে বড় ধরনের সহিংসতা বা গুরুতর অনিয়ম এইচআরএসএসের পর্যবেক্ষণে ধরা পড়েনি। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানায় সংগঠনটি। পাশাপাশি শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও এই সহনশীল রাজনৈতিক পরিবেশ বজায় থাকবে বলে এইচআরএসএস আশা করে। একই সঙ্গে যেসব অনিয়ম ও সীমাবদ্ধতা চিহ্নিত হয়েছে, সেগুলো নিরসনে সরকার, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এইচআরএসএসের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান, প্রোগ্রাম অফিসার মো. সাইফুল ইসলাম এবং ডকুমেন্টেশন অফিসার আব্দুল কাদের।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!