ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে অনুষ্ঠিত গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় দেশের জনগণের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
ভোটগ্রহণ শেষ হওয়ার পর দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা, প্রার্থীদের সংযম এবং নির্বাচন সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের পেশাদার আচরণ সম্মিলিতভাবে দেশের গণতান্ত্রিক চর্চার প্রতি অঙ্গীকারেরই প্রতিফলন। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় অংশগ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, পর্যবেক্ষক দল, গণমাধ্যমকর্মী এবং ভোটগ্রহণ কার্যক্রমে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রতি বিশেষ ধন্যবাদ জানান। তাদের নিষ্ঠা ও পরিশ্রমের ফলেই এ বৃহৎ গণতান্ত্রিক আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চূড়ান্ত ফলাফল ঘোষণার পরও যেন গণতান্ত্রিক শালীনতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় থাকে। মতভেদ থাকলেও জাতীয় স্বার্থে ঐক্য অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
প্রফেসর ইউনূস বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে জনগণই সব ক্ষমতার উৎস। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি জবাবদিহিমূলক, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায্য রাষ্ট্র গঠনের পথে দেশ এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, এবারের নির্বাচন ছিল দেশের জন্য আনন্দ ও উৎসবের উপলক্ষ। এর মাধ্যমে একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু হলো। এই শান্তিপূর্ণ ও উৎসবমুখর ধারাবাহিকতা বজায় রাখা গেলে দেশের গণতন্ত্র আরও শক্তিশালী ও পরিণত হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

