আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা মহানগরীর ৩৭টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা’ বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, “ঢাকা মহানগরীতে মোট গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ৬১৪টি। এসব কেন্দ্রে চারজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ৫১৭টি সাধারণ ভোটকেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে।”
তিনি জানান, মহানগরীর মধ্যে ৩৭টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে সাতজন করে পুলিশ সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে।
নির্বাচন নিরাপত্তা প্রসঙ্গে তিনি আরও বলেন, “ডিএমপির প্রায় ২৫ হাজার পুলিশ সদস্যকে নির্বাচন সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) সরওয়ার এবং অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম নজরুল ইসলাম।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

