AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেয়াদ শেষ হওয়ার আগেই কূটনৈতিক পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:১৬ এএম, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

মেয়াদ শেষ হওয়ার আগেই কূটনৈতিক পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা

অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই উপদেষ্টা পরিষদের একাধিক সদস্য কূটনৈতিক পাসপোর্ট (লাল পাসপোর্ট) সমর্পণ করে সাধারণ পাসপোর্ট গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ইতোমধ্যে উপদেষ্টা পরিষদের অন্তত আটজন সদস্য কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষমতা হস্তান্তরের পর বিদেশ ভ্রমণসংক্রান্ত কোনো ধরনের আইনি বা প্রশাসনিক জটিলতা এড়াতেই উপদেষ্টারা আগাম এই সিদ্ধান্ত নিয়েছেন। এটি একটি সতর্কতামূলক ও প্রশাসনিক প্রস্তুতির অংশ হিসেবেই দেখা হচ্ছে।

কর্মকর্তাদের তথ্যমতে, গত ২০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারির মধ্যে এসব উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করে সাধারণ পাসপোর্টের আবেদন করেন। তালিকায় রয়েছেন—অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, তথ্য ও সম্প্রচার ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

এর আগে গত ২৯ জানুয়ারি ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন প্রকাশ্যে প্রথমবারের মতো বিষয়টি উল্লেখ করেন। সেদিন রাজধানীর বাসাবোতে ধর্মরাজিকা বৌদ্ধ মহাবিহার মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি জানান, অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের জন্য প্রস্তুত এবং ইতোমধ্যে অনেক উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন। বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের যৌথ উদ্যোগে ওই সভার আয়োজন করা হয়।

এদিকে, রোববার রাজধানীতে সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনও কয়েকজন উপদেষ্টার কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, যেসব উপদেষ্টার বিদেশ ভ্রমণের পরিকল্পনা রয়েছে, তারা আগেভাগেই পাসপোর্ট জমা দিয়েছেন, যাতে ভিসা প্রক্রিয়ায় সমস্যা না হয়।

নিজের ও তার স্ত্রীর কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর প্রসঙ্গে প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, তিনি এবং তার স্ত্রী এখনো কূটনৈতিক পাসপোর্ট বহাল রেখেছেন। তার ভাষায়, মেয়াদ চলাকালে কোনো পররাষ্ট্র উপদেষ্টা বা মন্ত্রীর কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়া সাধারণত অস্বাভাবিক। তবে কয়েকজন উপদেষ্টা ব্যক্তিগত ভ্রমণের প্রয়োজন বিবেচনায় আগাম এই পদক্ষেপ নিয়েছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!