আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশের বেশি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, নির্বাচনকালীন সহিংসতা প্রতিরোধে সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিদেশি কূটনীতিকদের অবহিত করা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচনসংক্রান্ত কূটনৈতিক কার্যক্রম বিষয়ে আয়োজিত একটি প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক মহলে আলোচনা এখন অনেকটাই নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে। দেশের জনগণও একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে।
পাসপোর্ট সংক্রান্ত প্রসঙ্গে তৌহিদ হোসেন জানান, কয়েকজন উপদেষ্টা দ্রুত সাধারণ পাসপোর্ট ও প্রয়োজনীয় ভিসা পাওয়ার লক্ষ্যে ইতোমধ্যে তাঁদের কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন। তবে তিনি নিজে এখনো কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেননি।
এদিকে নির্বাচন-পরবর্তী সময়ে প্রধান উপদেষ্টার সম্ভাব্য জাপান সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো কোনো চূড়ান্ত তথ্য নেই বলেও জানান তিনি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

