আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে আয়োজিত ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা ও মতবিনিময় সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিআইডি প্রধান ও পুলিশের অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইজিপি বাহারুল আলম।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অতীতের নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে একজন অস্ত্রধারী পুলিশ সদস্য দায়িত্ব পালন করতেন। তবে এবার প্রথমবারের মতো প্রতিটি ভোটকেন্দ্রে কমপক্ষে পাঁচজন অস্ত্রধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে দু’জন পুলিশ ও তিনজন আনসার সদস্য থাকবেন। গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে তিনজন পুলিশসহ মোট ছয়জন অস্ত্রধারী সদস্য দায়িত্ব পালন করবেন।
এছাড়া প্রতিটি ভোটকেন্দ্রে অস্ত্রবিহীন (লাঠিসহ) ১০ জন আনসার সদস্য মোতায়েন থাকবে, যার মধ্যে ছয়জন পুরুষ ও চারজন নারী আনসার সদস্য থাকবেন।
তিনি বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন—যা ভবিষ্যতের জন্য একটি রোল মডেল হয়ে থাকবে।
নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শতভাগ সততা, নিরপেক্ষতা ও পেশাদারত্ব বজায় রাখার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি আরও বলেন, এবারের নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হচ্ছে নতুন মাত্রা। এর মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিশেষ প্রশিক্ষণ, বডি ওর্ন ক্যামেরা ব্যবহার, সিসিটিভি স্থাপন, ড্রোন ও ডগ স্কোয়াড মোতায়েন।
পাশাপাশি প্রবাসী ভোটার, সরকারি কর্মকর্তা-কর্মচারী, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বিএনসিসি, গার্লস গাইড ও স্কাউট সদস্যরাও সহায়ক হিসেবে দায়িত্বে থাকবেন।
তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে দুই ধাপে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। দ্বিতীয় ধাপে ভোটকেন্দ্রিক মোতায়েন কার্যক্রম চলবে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
অনুষ্ঠান শেষে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে সিআইডির বিভিন্ন স্তরের কর্মকর্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

