ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী,আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে দেশজুড়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করবেন প্রার্থীরা। ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত তারা প্রচারণা চালাতে পারবেন।
বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত সারা দেশের ২৯৮টি সংসদীয় আসনে ১ হাজার ৯৭৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
এ বিষয়ে ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, প্রতীক বরাদ্দ শেষে প্রতিটি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা নির্বাচন কমিশনকে জানানো হবে। এ সংক্রান্ত ফরম-৫ পূরণ করে পাঠানো হলে সেই অনুযায়ী ব্যালট পেপার ছাপানোর কার্যক্রম শুরু হবে।
তিনি আরও বলেন, প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ায় বৃহস্পতিবার থেকেই প্রার্থীরা নির্বাচনী প্রচারে নামতে পারবেন। একই সঙ্গে ব্যালট পেপার ছাপানোর কাজও শুরু হতে পারে।
ইসি সূত্র জানায়, এবার ৩০০ সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মোট ২ হাজার ৫৮৫টি মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ৭২৬ জনের মনোনয়ন বাতিল হলে প্রাথমিকভাবে বৈধ প্রার্থী ছিলেন ১ হাজার ৮৫৮ জন।
রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল প্রক্রিয়ায় ৬৩৯ জন আবেদন করেন। আপিল শুনানি শেষে ৪৩১ জন প্রার্থিতা ফিরে পান। ফলে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৯৭৩ জন।
তবে পাবনা-১ ও পাবনা-২ আসনে পূর্বে বৈধ ঘোষিত প্রার্থীদের একটি অংশ তালিকা থেকে বাদ যাচ্ছে। এই দুই আসনে নতুন তফসিল ঘোষণা করা হয়েছে। সংশোধিত তফসিল অনুযায়ী, গত ১৮ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে পাবনা-১ আসনে সাতটি এবং পাবনা-২ আসনে পাঁচটি মনোনয়নপত্র জমা পড়ে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট, যেখানে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের মাধ্যমে ভোটাররা আগামীর রাষ্ট্র পরিচালনা বিষয়ে মতামত জানাবেন।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

