আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের জন্য বাংলাদেশ পুলিশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, মাঠপর্যায়ের পুলিশের আচরণই মানবিক মর্যাদা ও আইনের শাসন প্রতিষ্ঠার অন্যতম প্রধান ভিত্তি। জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগের মাধ্যমে শান্তি বজায় রাখা সম্ভব নয়।
রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় এক লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। তিনি বলেন, পুলিশ বাহিনী কোনো রাজনৈতিক দলের পক্ষাবলম্বনকারী নয়; তারা জনগণের করের অর্থে পরিচালিত রাষ্ট্রীয় সেবক। জনগণের সেবা প্রদান এবং আইনের শাসন প্রতিষ্ঠাই পুলিশের মূল দায়িত্ব।
নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে শতভাগ নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ দিয়ে তিনি বলেন, কোনো ধরনের অনৈতিক সুবিধা বা আপ্যায়ন গ্রহণ করা যাবে না। ভোটকেন্দ্রে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের দিকনির্দেশনা অনুযায়ী তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ একটি সাধারণ বাহিনী নয়; রাষ্ট্র ও জনগণের কল্যাণে নিয়োজিত একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান। নতুন বাংলাদেশ বিনির্মাণে পুলিশ বাহিনীর ভিত্তি হতে হবে জ্ঞান, নৈতিকতা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব সেবা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

