গণভোটের বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে জেলায় জেলায় প্রচার কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই কর্মসূচিতে সরাসরি অংশ নিচ্ছেন উপদেষ্টা পরিষদের সদস্যরাও।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে উল্লেখ করা হয়, নির্বাচন মনিটরিং ও সহায়তা সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা পরিষদের সদস্যরা আজ থেকেই প্রচারণা কার্যক্রমে যুক্ত হয়েছেন। আগামী ২১ জানুয়ারি পর্যন্ত তারা দেশের বিভিন্ন জেলায় গিয়ে গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য এবং ভোট প্রদানের প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করবেন।
এই প্রচার কার্যক্রমের অংশ হিসেবে উপদেষ্টারা স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন। একই সঙ্গে গণভোটে সক্রিয় অংশগ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করার উদ্যোগ নেওয়া হবে।
প্রচারণার প্রথম দিনে বৃহস্পতিবার স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান চট্টগ্রামে অবস্থান করছেন। সেখানে তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন বলে জানানো হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

