ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিলের ষষ্ঠ দিনের শুনানি চলছে। প্রার্থিতা ফিরে পেতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা এসব আপিলের শুনানি বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় শুরু হয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে শুরু হওয়া এই শুনানি বিকেল ৫টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সূত্রে জানা গেছে, প্রথম চার দিনে প্রতিদিন গড়ে ৭০টি করে আপিলের নিষ্পত্তি করা হয়। তবে পঞ্চম দিনে শুনানির সংখ্যা বাড়িয়ে প্রায় ১০০টি আবেদন নিষ্পত্তি করা হয়। বুধবার দিনের শুনানি শেষে ৭৪ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। একই সঙ্গে ১৮টি আবেদন বাতিল এবং ৮টি আবেদন স্থগিত রাখা হয়।
নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়নপত্র যাচাইয়ে ছোটখাটো ও সংশোধনযোগ্য ত্রুটির ক্ষেত্রে প্রার্থীদের পক্ষে বিবেচনা করা হচ্ছে।
গত পাঁচ দিনে মোট ৩৮০টি আপিল আবেদনের শুনানি শেষ হয়েছে। এর মধ্যে ২৭৭ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন, ৮১ জনের আবেদন বাতিল হয়েছে এবং ২৩টি আবেদন স্থগিত রয়েছে।
উল্লেখ্য, মনোনয়নপত্র যাচাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ করা হয় ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। পরে ১০ জানুয়ারি থেকে এসব আপিলের শুনানি শুরু করে নির্বাচন কমিশন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

