ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিলের শুনানির দ্বিতীয় দিনে ৫৭ জন প্রার্থীর আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১১ জানুয়ারি) বিকেল ৫টায় দিনের শুনানি শেষে এই তথ্য জানায় ইসি সূত্র।
কমিশন সূত্রে জানা গেছে, এদিন মোট ৭০টি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৭ জনের আবেদন খারিজ করা হয়েছে এবং ৬ জনের আপিলের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রেখে সংশ্লিষ্টদের নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে।
এছাড়া আগের দিন বিবেচনাধীন থাকা মুন্সিগঞ্জ–৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিনের আপিল রোববার মঞ্জুর করা হয়েছে।
ইসিতে আপিল শুনানি শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হয়েছে এবং তা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। শুনানির প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর এবং দ্বিতীয় দিনে ৭১ থেকে ১৪০ নম্বর আপিল নিষ্পত্তি করা হয়।
তফসিল অনুযায়ী, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংশোধিত নির্বাচনী সূচি অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

