ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুনানির প্রথম দিনেই উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী স্বস্তি পেয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) ইসিতে অনুষ্ঠিত শুনানি শেষে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, প্রথম দিনে শুনানির জন্য তালিকাভুক্ত ৭০টি আপিল আবেদনের মধ্যে ৫২টির ক্ষেত্রে প্রার্থিতা বহাল রাখার সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
তিনি জানান, এদিন ১ থেকে ৭০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি হয়। এর মধ্যে ১৫টি আবেদন খারিজ করা হয়েছে এবং আরও তিনটি আবেদনের বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।
শুনানির প্রথম দিনে আলোচনায় থাকা প্রার্থীদের মধ্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ রয়েছেন। কক্সবাজার–২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা এই প্রার্থীর মনোনয়ন পুনর্বহাল করা হয়েছে। এছাড়া ঢাকা–৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারাও আপিলে সাফল্য পেয়েছেন।
এর আগে, গত ৫ জানুয়ারি থেকে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ শুরু করে ইসি, যা শুক্রবার পর্যন্ত চলে। এই সময়ে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে।
ইসি সূত্রে জানা গেছে, শনিবার থেকেই এসব আপিলের শুনানি শুরু হয়েছে এবং তা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধারাবাহিকভাবে শুনানি অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী, ১১ জানুয়ারি ৭১ থেকে ১৪০ নম্বর আপিল, ১২ জানুয়ারি ১৪১ থেকে ২১০ নম্বর এবং ১৩ জানুয়ারি ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি নেওয়া হবে। বাকি আপিলগুলোর শুনানির সময়সূচি শিগগিরই জানানো হবে বলে জানিয়েছে কমিশন।
সংশোধিত নির্বাচনী তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তির পর ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। পরদিন ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
এরপর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

