নরসিংদীর পলাশে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মনি চক্রবর্তী (৩৫) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) রাতে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মনি চক্রবর্তী পার্শ্ববর্তী শিবপুর উপজেলার উত্তর সাধারচর গ্রামের মদন ঠাকুরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনি চক্রবর্তী চরসিন্দুর বাজারে একটি মুদি দোকান পরিচালনা করতেন। সোমবার রাত আনুমানিক ৯টার দিকে দোকান বন্ধ করে তিনি চরসিন্দুর বাজারসংলগ্ন সুলতানপুর গ্রামে অবস্থিত নিজের নতুন বাড়ির উদ্দেশে রওনা হন। বাড়ির সামনে পৌঁছালে পেছন থেকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার কাঁধে আঘাত করে।
রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মুদি ব্যবসায়ী মনি চক্রবর্তী নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

