দিল্লি বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা অপেক্ষায় রাখার ঘটনার প্রতিবাদে ভারতে প্রবেশ না করেই দেশে ফিরে আসেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি জানান, ঘটনাটি তার কাছে অনাকাঙ্ক্ষিত মনে হয়েছে এবং সে কারণেই তিনি ভারতে না গিয়ে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন। একই সঙ্গে তিনি বলেন, এই ঘটনার কারণে দুই দেশের সম্পর্কের ওপর কোনো প্রভাব পড়বে না, তবে বিষয়টি নিয়ে ভবিষ্যতে সতর্কতা অবলম্বন করা হবে।
এর আগে গত রবিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে আইওআরএ (Indian Ocean Rim Association) সম্মেলনে যোগ দিতে গেলে তাকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখা হয় বলে জানা যায়। শুরুতে তাকে ভারতে প্রবেশের অনুমতিও দেওয়া হয়নি।
জানা গেছে, তার সফরের বিষয়ে দুই দিন আগেই বাংলাদেশ হাইকমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছিল। পরে উচ্চপর্যায়ের নির্দেশে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তিনি তা গ্রহণ না করে দেশে ফিরে আসেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

