সরকারি ও বিভিন্ন স্বশাসিত প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ সংক্রান্ত সংশোধিত অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হয়েছে। সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখা এ অধ্যাদেশ জারি করে।
গেজেটে উল্লেখ করা হয়, ২০২৪ সালে জারি করা সংশ্লিষ্ট অধ্যাদেশ সংশোধনের উদ্দেশ্যেই নতুন এই অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। সংশোধিত আইনের নাম দেওয়া হয়েছে— ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’। অধ্যাদেশটি জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হবে।
সংশোধনের মাধ্যমে আগের অধ্যাদেশের পূর্ণাঙ্গ শিরোনাম, প্রস্তাবনা ও কয়েকটি ধারায় পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে ধারা ১-এর উপধারা (১) এবং ধারা ৩-এর দফা (গ) থেকে ‘আধা-স্বায়ত্তশাসিত’ শব্দটি ও সংশ্লিষ্ট চিহ্ন বাদ দেওয়া হয়েছে।
এছাড়া, ২০২৪ সালের ১১ নম্বর অধ্যাদেশে একটি নতুন ধারা—ধারা ৩ক যুক্ত করা হয়েছে। নতুন ধারায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের নিজস্ব নিয়োগ বিধিমালা বা প্রযোজ্য প্রবিধান অনুযায়ী যদি কোনো পদের ক্ষেত্রে সরাসরি নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছরের বেশি নির্ধারিত থাকে, তাহলে সেই নির্ধারিত বয়সসীমাই বহাল থাকবে এবং এতে কোনো পরিবর্তন আসবে না।
এই সংশোধনের ফলে বিভিন্ন সংস্থার বিদ্যমান নিয়োগ বিধির সঙ্গে আইনগত সামঞ্জস্য বজায় থাকবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

