AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিভাগীয় কমিশনার, ডিসি ও এসপিদের সঙ্গে ইসির বৈঠক আজ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৩৮ এএম, ২৩ ডিসেম্বর, ২০২৫

বিভাগীয় কমিশনার, ডিসি ও এসপিদের সঙ্গে ইসির বৈঠক আজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন পরিচালনা ও ব্যবস্থাপনা সংক্রান্ত নির্দেশনা দিতে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে এ ব্রিফিংয়ে অংশ নেবেন বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), উপমহাপুলিশ পরিদর্শকসহ নির্বাচন ও প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।

নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা–২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার (২২ ডিসেম্বর) বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক এই ব্রিফিং মঙ্গলবার সকাল ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়াম (বেজমেন্ট–২)-এ অনুষ্ঠিত হবে।

ব্রিফিংয়ে সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। এছাড়া নির্বাচন কমিশনাররা বিশেষ অতিথি হিসেবে বৈঠকে অংশ নেবেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে সভায় উপস্থিত থাকবেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)।

ইসি সূত্র জানায়, বৈঠকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক সমন্বয়, ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে মাঠ পর্যায়ের করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!