AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্ধারিত সময়েই নির্বাচন, বানচালের চেষ্টা ব্যর্থ হবে : ইসি সানাউল্লাহ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৫৫ পিএম, ১৪ ডিসেম্বর, ২০২৫

নির্ধারিত সময়েই নির্বাচন, বানচালের চেষ্টা ব্যর্থ হবে : ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, সন্ত্রাসী হামলা ও নাশকতার যেকোনো প্রচেষ্টা শক্ত হাতে প্রতিহত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে তিনি জানান, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশন সন্তুষ্ট রয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। নির্বাচন বানচালের উদ্দেশ্যে কেউ সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে। ‘ডেভিল হান্ট’ অভিযানে আটক অনেকেই জামিনে মুক্ত হওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইবে, তারা কোনোভাবেই সফল হবে না।

তিনি জানান, সাম্প্রতিক সময়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গোপন হামলা এবং দুটি নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা—এই ঘটনাগুলো বৈঠকে গুরুত্বসহকারে আলোচিত হয়েছে। সামনে আরও এ ধরনের বিচ্ছিন্ন হামলার আশঙ্কা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের প্রশংসা করে সানাউল্লাহ বলেন, সন্ত্রাসীদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে চলমান অভিযান আরও জোরদার করতে বলা হয়েছে। পাশাপাশি বিভিন্ন বাহিনীর গোয়েন্দা ইউনিটগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সীমান্ত এলাকাতেও বাড়তি সতর্কতা বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সমাজের প্রতিটি মানুষকে আশপাশের পরিবেশ ও ব্যক্তিদের বিষয়ে সচেতন থাকতে হবে, যাতে কোনো নাশকতাকারী সুযোগ নিতে না পারে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে—কেউ যেন ভীতির পরিবেশ তৈরিতে উৎসাহ না পায়।

ওসমান হাদির ওপর হামলার প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, এ ঘটনার মাধ্যমে একটি আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল। তবে সেই উদ্দেশ্য বাস্তবায়ন হতে দেওয়া হবে না।

তিনি সতর্ক করে বলেন, সন্দেহভাজন ব্যক্তিরা বিশ্বাস অর্জন করে নাশকতা ঘটানোর চেষ্টা করতে পারে। ‘ডেভিল হান্ট’ অভিযানে যাদের আটক করা হয়েছিল, তাদের একটি বড় অংশ জামিনে মুক্ত হয়েছে—যাদের অনেকের বিরুদ্ধে অতীত অপরাধের তথ্য রয়েছে। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দোষারোপের সুযোগে যেন অপরাধীরা ফায়দা নিতে না পারে, সেদিকে নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনী প্রচারণার সামগ্রী অপসারণ প্রসঙ্গে তিনি বলেন, নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ব্যবস্থা নেবেন। এ বিষয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় পরিপত্র জারি করা হয়েছে।

অস্ত্রের লাইসেন্স প্রসঙ্গে ইসি সানাউল্লাহ বলেন, অপপ্রচার পুরোপুরি বন্ধ করা সম্ভব না হলেও কোনো প্রার্থীই নির্বাচনী সময়ে অস্ত্র বহন করতে পারবেন না—এ বিষয়ে কমিশন কঠোর অবস্থানে রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!