AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:১৯ পিএম, ১৪ ডিসেম্বর, ২০২৫

ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশে সহিংসতা উসকে দেওয়া এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ব্যাহত করার চেষ্টার অভিযোগ তুলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে ভারতীয় দূতের কাছে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশের গভীর উদ্বেগ আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়। এসব বক্তব্যের মাধ্যমে বাংলাদেশে সন্ত্রাসী তৎপরতায় উৎসাহ দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে বলে জানানো হয়।

একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্রুত বাংলাদেশের কাছে হস্তান্তরের আহ্বান পুনর্ব্যক্ত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন জাতীয় নির্বাচনকে ব্যাহত করতে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ–সংশ্লিষ্ট ব্যক্তিদের বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের বিষয়টি ভারতীয় হাইকমিশনারের নজরে আনা হয়েছে। এ ধরনের অপরাধমূলক তৎপরতা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত প্রত্যর্পণের জন্য ভারত সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টায় জড়িত সন্দেহভাজনরা যেন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে না পারে— সে বিষয়ে ভারতের সহযোগিতা কামনা করা হয়েছে। একই সঙ্গে তারা যদি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে থাকে, তবে তাদের তাৎক্ষণিক গ্রেপ্তার ও বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সরকার প্রত্যাশা করছে, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত ন্যায়বিচার, আঞ্চলিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বৈঠকে ভারতীয় হাইকমিশনার জানান— ভারত বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে আগ্রহী এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতা দিতে তারা প্রস্তুত রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!